আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। দেড় যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাসরত তারেক রহমান জানিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশে ফিরবেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে।’
বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে আমরা জয়ী হব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এককভাবে সরকার গঠনের অবস্থায় আমরা রয়েছি।’
ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, বাংলাদেশে যারাই পরবর্তী সরকার গঠন করুক, তাদেরই দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে হবে। দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে পড়েছে। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনমনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন।
জনমত জরিপে বিএনপি এগিয়ে আছে উল্লেখ করে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ করেছেন।
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ দল বলে মন্তব্য করে মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিধ্বনি করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এসব দলের মধ্যে রয়েছে গত বছরের অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতৃত্বাধীন একটি নতুন দলও।’
তারেক রহমান বলেন, ‘আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাব। তারা তরুণ, তাদের ভবিষ্যৎ আছে।’
সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আমাজন, ইবে ও আলিবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ‘সরবরাহ কেন্দ্র’ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার মাধ্যমে তৈরি পোশাক রপ্তানির বাইরেও অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করা।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছুর আগে বাংলাদেশ’ এই নীতিতে তিনি পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন। শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘একপাক্ষিক’ বলে উল্লেখ করে তা নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
ফিন্যান্সিয়াল টাইমস উল্লেখ করেছে, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক পরিবারের মধ্যে তিক্ততা দীর্ঘদিনের। শেখ হাসিনা দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। ১৯৭৫ সালে সেনাসদস্যদের হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ শেখ মুজিব নিহত হন।
তারেক রহমানের বাবা জিয়াউর রহমানও দেশের আরেক সাবেক রাষ্ট্রপতি এবং স্বাধীনতাসংগ্রামের একজন অংশগ্রহণকারী। ১৯৮১ সালে তিনি নিহত হন। এরপর তারেক রহমানের মা খালেদা জিয়া কয়েক দশক ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন।
৫৯ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে নির্বাসনে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা থাকলেও তিনি সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসবে। এ প্রসঙ্গে তিনি জানান, গত বছর আগস্ট থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বা অসদাচরণের কারণে দলের সাত হাজার সদস্যকে বহিষ্কার বা শাস্তির আওতায় আনা হয়েছে।
তবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন তারেক রহমান। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এখনও আওয়ামী লীগের একটি নির্দিষ্ট জনসমর্থন রয়েছে। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘যদি তারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়, তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে?’
প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে ব্যাপক দুর্নীতি, বিরোধীদের ওপর দমনপীড়ন, বিচারবহির্ভূত হত্যা ও গুমের মতো ঘটনা ঘটেছে। তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশাসন যে শত শত কোটি ডলার উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে, তা অব্যাহত থাকবে। ইউনূসের প্রশাসনের অভিযোগ, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব অর্থ বিদেশে পাচার করেছেন।’
তবে প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়, বিএনপি সর্বশেষ ক্ষমতায় থাকাকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে বাংলাদেশ টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান পেয়েছিল।